জুয়েলকে মসজিদ থেকে মেরে বাইরে আনার স্বীকারোক্তি আবুল হোসেনের

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:২২

লালমনিরহাট পাটগ্রামে গুজব ছড়িয়ে জুয়েল হত্যার প্রধান আসামি আবুল হোসেন গতকাল শনিবার লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত-৩) আফাজ উদ্দিনের আদালতে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে বলেন, তিনি মসজিদের ভেতর থেকে আবু ইউনুস মোঃ শহিদুন্নবী জুয়েলকে প্রথম মারধর করে মসজিদের বাইরে বের করে আনেন।

গত ৭ নভেম্বর তাকে রাজধানী ঢাকায় গ্রেফতার করে ৯ নভেম্বর লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত-৩) এর মোছাঃ ফেরদৌসী বেগমের আদালতে সোপর্দ করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করেন। গতকাল শনিবার ছিল রিমান্ডের শেষ দিন।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মোঃ শহিদুন্নবী জুয়েলকে হত্যার পরে লাশ টেনে হিঁচড়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বুড়িমারী ইউনিয়ন পরিষদের প্রথম বাঁশকল মেসার্স জয় ট্রেডার্সের সামনে মহাসড়কের ওপর পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করার ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজার নামীয় ১১৪ আসামী ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত ১২ দফায় এজাহার নামীয় ৩৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।