করোনার বিধি লঙ্ঘন ইভাংকা ট্রাম্পের সন্তানদের স্কুল থেকে প্রত্যাহার

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২২:৩১

মহামারি করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রে ইভাংকা ট্রাম্প-জারেদ কুশনার দম্পতির তিন সন্তানকে স্কুল থেকে প্রত্যাহার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। তবে স্কুলের নাম প্রকাশ করা হয়নি।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগেই করোনা ভাইরাস মোকাবিলায় কঠোর বিধিনিষেধ জারি করেছিল। সেই কঠোর গাইডলাইন অমান্য করার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন নাতি-নাতনির বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর তাদের স্কুল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজধানী ওয়াশিংটনের একটি খ্যাতিমান স্কুলে গত তিন বছর ধরে অধ্যয়ন করে আসছিল ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও জামাতা জারেদ কুশনার দম্পতির তিন সন্তান। প্রতিবেদনটিতে জানানো হয়, করোনার সংক্রমণ ঠেকাতে স্কুলের প্যারেন্ট হ্যান্ডবুকে থাকা নিয়মাবলি বারবার লঙ্ঘন করেছে ইভাংকা-কুশনার দম্পতি। মাস্ক পরে থাকা, শারীরিক দূরত্ব বজায় রাখা, সেলফ আইসোলেশন মানা ইত্যাদি নিয়ম ঠিকমত না অনুসরণ করায় তাদের একাধিকবার সতর্ক করা হয়। এছাড়া স্কুলটির অন্যান্য শিক্ষার্থীর অভিভাবকেরাও ইভাংকা ও কুশনারের বিরুদ্ধে অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতেই সন্তানদের স্কুলটি থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।