বিভিন্ন স্থানে বাকাসসের কর্মবিরতি শুরু

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৭

ইত্তেফাক ডেস্ক

পদ-পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বাংলাদেশ কেন্দ্রীয় কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ১৫ দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মবিরতি চলবে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল : বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা। জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বারেক মোল্লা।

জয়পুরহাট :জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মচারীরা তাদের নিজস্ব দাপ্তরিক কাজ থেকে বিরত থেকে প্রথম দিনের কর্মসূচি পালন করেন।

মৌলভীবাজার :বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির মৌলভীবাজার জেলা শাখার কর্মবিরতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির মৌলভীবাজার শাখার সভাপতি এম এ কাওছার, সহসভাপতি তপন কান্তি ধর ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান।

নেত্রকোনা :জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে নেত্রকোনা বাকাসসের উদ্যোগে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি দেলোয়ারুল হক ভুঁইয়া, সম্পাদক সাখাওয়াত্ জাহান খান প্রমুখ।

শেরপুর :বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আবুল কালাম আজাদ।