বিভাগীয় পর্যায়ে নিয়োগ পরীক্ষা কেন্দ্র

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৪৪

বেকারত্বের বোঝা কাঁধ থেকে নামাতে চাকরির সন্ধানে হন্যে হয়ে ছোটে লাখ লাখ মেধাবী তরুণ-তরুণী। এই করোনাকালে আয়ের পথ অনেকের বন্ধ হয়েছে, কিন্তু থেমে ছিল না চাকরিপ্রার্থীর বয়স। দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষাগুলো বন্ধ ছিল। কিন্তু যখন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে, তখন এই সংকট মুহূর্তে গ্রামগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে চাকরির পরীক্ষা দিতে। কয়েক হাজার টাকা ব্যয় করে একটা পরীক্ষায় অংশ নিতে পাড়ি দিতে হচ্ছে দূর-দূরান্তে। যা একটা মেয়ের জন্য ভীষণ সমস্যার, ভীষণ দুর্ভোগের। তাই কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, একজন চাকরিপ্রার্থীর আর্থিক অবস্থা, যাতায়াতব্যবস্থা, নিরাপত্তা ও দুর্ভোগের কথা বিবেচনা করে চাকরির পরীক্ষার কেন্দ্র বিভাগীয় পর্যায়ে করা হোক। তাহলে লাখো চাকরিপ্রার্থী স্বস্তি পাবে, ভোগান্তি কম হবে।

মোছা. জেলি খাতুন

শিক্ষার্থী,

কুড়িগ্রাম সরকারি কলেজ