ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ভাইয়াডুবি ব্রিজে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদ হন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মানিক। কিন্তু এই এলাকায় এই বীর প্রতীকের স্মরণে অদ্যাবধি কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। অবশেষে পারিবারিক উদ্যোগ ও অর্থায়নে ঢাকার ধামরাইয়ে নির্মিত হচ্ছে শহিদ মুক্তিযোদ্ধা বীর প্রতীক রেজাউল করিম মানিকের স্মরণে স্মৃতিসৌধ। উপজেলার ডাউটিয়া এলাকায় রাবেয়া মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পাশে বীর প্রতীকের বড় বোন বিলকিস আরা বেগম ও ছোট বোন নাসরিন হোসেনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সৌধটি নির্মিত হতে যাচ্ছে।
শনিবার বিকেলে শহিদ রেজাউল করিম মানিক বীর প্রতীকের শাহাদত্বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তরের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। এমপি বেনজীর আহমদ আনুষ্ঠানিকভাবে সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শহিদ রেজাউল করিম মানিকের বড় বোন বিলকিস আরা বেগম ও ছোট বোন নাসরিন হোসেন, অবসরপ্রাপ্ত কর্নেল তৌফিক-ই-এলাহী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজহার আলী, ডাক্তার মো. জসিম এ সময় উপস্থিত ছিলেন।
