মানুষ যখন করোনায় উদ্বিগ্ন, বিএনপি তখন বাস পোড়ানোর খেলায় :তথ্যমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৫২

বাসস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, বিএনপি তখন বাস ও মানুষ পোড়ানোর খেলায় মেতেছে।’ তিনি গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান বলেন, আজকে করোনা ভাইরাসের কারণে স্তব্ধ প্রায় সমস্ত পৃথিবী এর মোকাবিলায় হিমশিম খাচ্ছে। বাংলাদেশ এর ব্যতিক্রম না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে একটি। করোনায় আক্রান্তদের মৃত্যুহারও ইউরোপ-আমেরিকার দেশগুলোর চেয়ে কম তো বটেই, ভারত-পাকিস্তনের চেয়েও কম। এ সত্ত্বেও করোনা ভাইরাস মোকাবিলায় যখন সবাই হিমশিম খাচ্ছে, প্রতিটি মানুষ অত্যন্ত উদ্বিগ্ন, সেই পরিস্থিতিতেও আমরা দেখতে পেলাম বৃহস্পতিবার বিএনপি আবার সেই পুরোনো বাস পোড়ানো, মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে।