সিরাজদিখান বাজার রোডে নিত্যদিন যানজট

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৫১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সিরাজদিখান বাজার রোডে নিত্যদিন ভয়াবহ যানজট লেগে থাকে। রাজধানী ঢাকার সঙ্গে এলাকার যোগাযোগের একমাত্র এ রাস্তাটি দিয়ে প্রতিদিন সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার শতাধিক যাত্রীবাহী বাস, ট্রাক, টেম্পু, জিপসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সিরাজদিখান সদরে বাজারের ভেতর সড়ক ও জনপথের এই রাস্তাটি সরু হওয়ায় প্রতিদিন ভোর হতে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। এ ব্যাপারে বাজার কমিটি, ক্রেতা-বিক্রেতা ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাজারের ভেতরের রাস্তাটি যেন প্রশস্ত করা হয়। কিংবা বাজারের বাইরে গাড়ি চলাচলের বাইপাস রাস্তা নির্মাণ করে সমস্যার সমাধান করা হয়।