বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত কেন্দ্রীয়
কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদন
ইত্তেফাক রিপোর্ট
হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ নিয়েছে যুবলীগ। গতকাল রবিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ শপথ গ্রহণ করেন আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা।
যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতারা গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা। এরপর তারা বনানী কবরস্থানে শায়িত যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্য শহিদদের কবরেও শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে যুবলীগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণ করতে হবে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে। বাংলাদেশের জনগণের জন্য আদর্শের সংগঠন হবে যুবলীগ। শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, সাজ্জাদ হায়দার চৌধুরী লিটন, আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ অধিকাংশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
