বঙ্গবন্ধুকে যারা মুছে ফেলতে চেয়েছে তারাই ইতিহাস থেকে মুছে গেছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২২:২২

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বঙ্গবন্ধুকে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে তারাই আজ ইতিহাস থেকে মুছে গেছে। এটাই ইতিহাসের শিক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের ওপর গতকাল রবিবার আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। করোনা মহামারির পর গতকালই প্রথম সংসদে যান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা রওশন। প্রথমে কয়েক মিনিট দাঁড়িয়ে বলার পর স্পিকারের অনুমতি নিয়ে নিজ আসনে বসে অবশিষ্ট বক্তব্য রাখেন তিনি।

রওশন বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের বিভিন্ন আদর্শ রয়েছে। যার যার পৃথক মতবাদ থাকবে—এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, তার দেশপ্রেম প্রশ্নাতীত। নিজের জীবনে সীমাহীন ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে তিনিই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আলো তার। তার আলোতেই আমরা সবাই পথে হাঁটছি। কাজেই এখন যে যেই দলই করি না কেন, বঙ্গবন্ধুকে সবার সম্মান করা উচিত।

স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, ’৭৪ সালের শেষদিকে একবার একটি ফ্লাইটে বঙ্গবন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। বঙ্গবন্ধু যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রে, আমি যাচ্ছিলাম লন্ডনে। হঠাত্ কর্নেল জামিলকে পাঠিয়ে আমাকে ডাকলেন বঙ্গবন্ধু। আমি গিয়ে দেখি তিনি শুয়ে আছেন, আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। বঙ্গবন্ধু আমার ও পরিবারের খবরাখবর নিলেন। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম—আপনি বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন কবে থেকে দেখেছিলেন। বঙ্গবন্ধু বললেন, ছোটবেলা থেকেই তার এই স্বপ্ন ছিল। তিনি বলেন, সেদিন দেখেছি বঙ্গবন্ধু কত বিশাল হূদয়ের মানুষ ছিলেন। সেদিন তার সঙ্গে দেখা না হলে আমার অনুভূতি অসমাপ্ত থেকে যেত।