স্ত্রীকে পুড়িয়ে হত্যা

স্বামীর আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রত্যাহার

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২২:২২

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ইমাদুল সরকারকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাহার করে নিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায় বাতিল চেয়ে ইমাদুলের দায়েরকৃত জেল ও নিয়মিত আপিলের ওপর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

এর আগে গত ১১ নভেম্বর স্ত্রী হত্যা মামলায় স্বামী ইমাদুলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আপিল বিভাগ। আসামির জেল আপিল নিষ্পত্তি করে ঐ রায় দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমাদুলের দায়ের করা নিয়মিত আপিল অনিষ্পন্ন থেকে যায়। নিয়মিত আপিলের নিষ্পত্তি না হওয়ায় বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আমৃত্যু কারাদণ্ডের আদেশ রিকল (প্রত্যাহার) করেন। গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকায় আপিলটি অন্তর্ভুক্ত হয়। এরপরই আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রত্যাহার করে নিয়ে জেল ও নিয়মিত আপিলের ওপর শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করে দেয়। এ সময় ইমাদুলের পক্ষে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত উপস্থিত ছিলেন।

অমিত দাসগুপ্ত ইত্তেফাককে বলেন, হাইকোর্টের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামি ইমাদুল কারাগার থেকে জেল ও নিয়মিত আপিল দায়ের করেন। কিন্তু নিয়মিত আপিলটি আদালতের সামনে না আসায় শুধু জেল আপিল নিষ্পত্তি করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে নিয়মিত আপিলটি আদালতের সামনে আসায় আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাহার করে নিয়ে দুটি আপিলের ওপর পুনঃ শুনানির জন্য দিন ধার্য করেছে।

মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, সাতক্ষীরা সদরের শহিদুল সরদারের ছেলে ইমাদুলের সঙ্গে আব্দুর রাজ্জাকের মেয়ে রেশমা খাতুনের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ইমাদুল ১৮ হাজার টাকার বিভিন্ন মালামাল নেন। কিন্তু আরো ২০ হাজার টাকা যৌতুক দাবি করে।