প্রতি বছরের মতো এবারও দীপাবলির দিন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের সঙ্গে কাটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজস্থানের জয়সলমেরে জওয়ানদের উদ্দেশে ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে কেউ শক্তি দেখালে কড়া জবাব দেওয়া হবে।
ভাষণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, এটা সেই সময় ছিল যখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের নিরপরাধ মানুষদের হত্যা ও নির্যাতন করছিলা। মা-বোনদের ওপর অমানুষিক অত্যাচার করছিলে। তখন পাকিস্তানি সেনাবাহিনীর এই কুকীর্তি, সারা পৃথিবীতে পাকিস্তানের ঘৃণিত চেহারার মুখোশ খুলে দিয়েছিল। এসব কিছু থেকে বিশ্বের নজর সরানোর জন্য পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে হামলা করে। পাকিস্তান ভেবেছিল এই হামলা করে বিশ্বকে দেখাবে যে, ভারত এই করেছে, সেই কাজ করেছে আর তাতে বাংলাদেশে তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। কিন্তু ভারতের সেনারা তাদের যে উপযুক্ত জবাব দিয়েছিল, তাতে পাকিস্তানকে নাস্তানাবুদ হতে হয়েছিল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এবং লঙ্গেওয়ালার যুদ্ধের ৫০ বছর পূর্তি হতে চলেছে। কয়েক সপ্তাহ পরেই আমরা এর সুবর্ণজয়ন্তী পালন করব। সেই পরিপ্রেক্ষিতে আজ আমার এখানে আসার ইচ্ছে হয়েছে। গোটা দেশ এই বীরদের বিজয়গাঁথা শুনে নিজেদের গৌরবান্বিত অনুভব করবেন, তাদের সাহস বাড়বে, নতুন এবং আগামী প্রজন্ম এই পরাক্রম থেকে প্রেরণা নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ পাবে।
