রংপুরের হারাগাছ এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় বিজিবি সদস্য আপেল মিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ১ এর বিচারক জাবিদ হোসেন এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি খন্দকার রফিক হাসনাইন বিষয়টি সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, রংপুরের হারাগাছ থানা এলাকায় এক মেয়ের সঙ্গে বিয়ে হয় লালমনিরহাট জেলার সদর থানার গুড়িয়াদহ গ্রামের জাবের হোসেনের ছেলে বিজিবি সদস্য আপেল মিয়ার। বিয়ের পর থেকেই বিজিবি সদস্য আপেল মিয়া এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। টাকা না দেয়ায় তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতো। এ ঘটনায় ওই নারী নিজেই বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ মেট্রোপলিটন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আসামি আপেল মিয়া বিজিবি সদস্য হিসেবে বর্তমানে হবিগজ্ঞ জেলায় ৫৫ ব্যাটালিয়নে কর্মরত আছে।সে রবিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
বিশেষ পিপি খন্দকার রফিক হাসনাইন অ্যাডভোকেট জানান, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার দায়ের করা মামলায় আদালতে হাজির হলে বিজিবি সদস্য আপেল মিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ইত্তেফাক/কেকে

