পৌর নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৬:৪০

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়ে নমিনেশন জমা দিয়েছেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের বিরুদ্ধে। গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিনুর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।  কিন্তু এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নমিনেশন ফরম জমা দেন বিপ্লব।  পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন পাওয়ার পর এই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মেনে নেননি দলীয় সিদ্ধান্ত।  ফলে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বিপ্লব।  হয়েছেন বিদ্রোহী প্রার্থী। এ কারণেই এ পৌরসভায় আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে বলে আশঙ্কা করছেন নেতা কর্মীরা।

অভিযোগ উঠেছে, স্বতন্ত্র প্রার্থী হয়ে নমিনেশন জমা দেওয়ার সময় জামাতের একাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়েছিলেন বিপ্লব।  যা নতুন করে সমালোচনায় ফেলেছে স্থানীয় আওয়ামী লীগ ও পরিবহন শ্রমিক নেতা বিপ্লবকে।

জানা যায়, মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করার একাধিক অভিযোগ থাকায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন হারিয়েছেন বিপ্লব।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

তবে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।  তিনি দৈনিক ইত্তেফাককে বলেন, আমি এ বিষয়ে কোনো ধরণের মন্তব্য করব না।

এদিকে উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী উপজেলা জাপা সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাবিবুর রহমান ইসলাম, আমিনুল ইসলাম দুদু ও গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিনুর আলম জানান, ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ২৩ নভেম্বর, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ, নবগঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২, এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ ও নারী ভোটার ১৬ হাজার ২৬৮ জন।