ঘরে বসেই যদি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায়—তা নিশ্চয়ই আনন্দের। বিশেষ করে রেস্টুরেন্টে গিয়ে আমরা মুরগির যেসব আইটেম চেটেপুটে খাই, চাইলে সেগুলো ঘরেই তৈরি করা যায়। আর তেমন চারটি রেসিপি নিয়েই এবারের আয়োজন। রেসিপিগুলো দিয়েছেন মেহেদী রাসেল
বাটার চিকেন
উপকরণ :৩৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ১/২ চা চামচ করে আদা আর রসুন গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ খাবার তেল, লবণ পরিমাণমতো, ২ টেবিল চামচ ঘি, ১/২ চা চামচ জিরা, ২টি মাঝারি সাইজের পেঁয়াজ, আদা ৩০ গ্রাম, রসুন ১৫ গ্রাম, ২টি মাঝারি আকারের টমাটো, ১ চা চামচ গরম মশলার গুঁড়া, ১০০ মি.লি. পানি, ১ টেবিল চামচ চিনি, ১ চা চামচ ভিনেগার, ২ টেবিল চামচ ক্রিম, ১ চা চামচ মেথি।
প্রণালি :প্রথম ধাপে মুরগির মাংস নিয়ে এর সঙ্গে আদা, রসুন, পরিমাণমতো লবণ এবং ১ চা চামচ মরিচের গুঁড়া নিয়ে হালকা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি পাশে রেখে দিন ১৫-২০ মিনিটের জন্য। ২য় ধাপে একটি কড়াইতে হালকা তেল দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিন। ৩য় ধাপে একটি কড়াইতে ১ টেবিল চামচ তেল আর ১ টেবিল চামচ ঘি দিয়ে অপেক্ষা করুন ঘি গলা পর্যন্ত। তেল হালকা গরম হয়ে আসলে জিরা দিন; এরপর পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা, রসুন ও টমাটো দিয়ে দিন। টমাটো নরম হয়ে এলে মরিচ আর গরম মশলা দিয়ে দিন। রান্না করুন মাঝারি আঁচে—তেল আলাদা হওয়া পর্যন্ত। এরপর ভিনেগার দিয়ে ১ মিনিট রান্না করুন। তারপর পানি দিয়ে অপেক্ষা করুন সব কিছু ফোটানো পর্যন্ত। ৪র্থ ধাপে এরপর সব কিছু ব্লেন্ডারে দিয়ে স্মুথ একটা সস বানান। এরপর এই সস আবার একটা কড়াইতে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ ঘি আর ক্রিম দিয়ে দিন। এর সঙ্গে ভাজা মুরগি দিয়ে হালকা আঁচে রান্না করুন সিদ্ধ হওয়া পর্যন্ত। লবণ দিতে হবে পরিমাণমতো। এরপর ১ চামচ মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলুন। এবার পরিবেশন করুন।
সরিষা মুরগি
উপকরণ :মুরগির মাংস ৩৫০ গ্রাম, ১ চা চামচ তেল, ১/২ চা চামচ পাপরিকা গুঁড়া, ৫ গ্রাম থাইম, ১/৪ চা চামচ লবণ এবং গোল মরিচ গুঁড়া, ২ টেবিল চামচ বাটার / ঘি, ২ টেবিল চামচ তেল, ১টি মাঝারি সাইজের পেঁয়াজ, ৫-৬ রসুন কোয়া কুচি করে কাটা, ১০০ মি.লি. রান্না করার ওয়াইন / পানি, ৩০০মি.লি. ক্রিম, দেড় চা চামচ সরিষা বাটা, ১/২ চা চামচ পার্সলি, ৫০ গ্রাম পারমেজান চিজ, ৩০-৪০ গ্রাম পালংশাক।
প্রণালি :১ম ধাপে প্রথমে মুরগির মাংস নিয়ে নিন হাড়ছাড়া; তারপর এর সঙ্গে তেল, পরিমাণমতো লবণ, গোলমরিচের গুঁড়া, পাপরিকা গুঁড়া ও থাইম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ২য় ধাপে একটা কড়াইতে ১ টেবিল চামচ বাটার এবং ১ টেবিল চামচ তেল দিয়ে মুরগিগুলো ভেজে নিন। ৩য় ধাপে একটা কড়াইতে বাটার আর তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিন। যখন পেঁয়াজ আর রসুন বাদামি হয়ে আসবে তখন লবণ আর গোলমরিচের গুঁড়া দিন পরিমাণমতো। এর পর রান্না করার ওয়াইন অথবা পানি দিন। পানি একটু টেনে এলে ক্রিম দিয়ে দিন। তারপর ২-৩ মিনিট রান্না করুন হাল্কা আঁচে। এরপর সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং পার্সলি দিয়ে ভাজা মুরগির মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিন সসের সঙ্গে। এবার পারমেজান চিজ দিন এবং রান্না করুন কম আঁচে। এরপর পালং শাক দিয়ে নামিয়ে ফেলুন। এবার ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন।
পপকর্ন চিকেন
উপকরণ :মুরগির ছোট করে কাটা ৫০০ গ্রাম মাংস হাড় ছাড়া, ২০০ মি.লি. বাটারমিল্ক অথবা টক দই, মশলা মিক্সিং, ৫০০ গ্রাম ময়দা, দেড় চা চামচ আদা গুঁড়া, ২ চা চামচ রসুন গুঁড়া, ১ চা চামচ গরম মশলার গুঁড়া, ২ চা চামচ করে কারি মশলার গুঁড়া ও পাপরিকা গুঁড়া, ২টি মাঝারি সাইজের পেঁয়াজ, ১ চা চামচ মরিচের গুঁড়া, ২ চা চামচ লবণ, ৪ টেবিল চামচ বেরেস্তা।
প্রণালি :মুরগির মাংস থেকে পানি ছাড়িয়ে এর মাঝে বাটারমিল্ক অথবা টক দই দিয়ে সঙ্গে পরিমাণমতো লবণ আর কালো মরিচের গুঁড়া দিয়ে নিন। এর পর মুরগির মাংস মিশ্রণটি ৩০ মিনিটের জন্য রেখে দিন। যত মশলার লিষ্ট উপরে দেওয়া আছে তা একটা পটে নিয়ে নিন। তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পেঁয়াজের বেরেস্তা যেন ভালোভাবে গুঁড়া হয় তা মাথায় রাখতে হবে। এখন মুরগির মাংস ভালো করে মশলার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। এরপর ভালো করে ঝেড়ে নিন যেন, অতিরিক্ত ময়দাটা পড়ে যায়। এইবার একটা কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে ভালো করে ভেজে নিন। খেয়াল রাখতে হবে মাংস যেন ভালো করে রান্না হয়। এবার পরিবেশন করুন এক টুকরো লেবু, মায়োনিজ আর টমাটো কেচাপ দিয়ে।
পাঞ্জাবি চিকেন
উপকরণ :৫০০ গ্রাম মুরগির মাংস হাড়সহ, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, লবণ ১ চা চামচ, টক দই ১/২ কাপ, ২ টেবিল চামচ তেল, ২টি মাঝারি আকারের পেঁয়াজ, আদা ১৫ গ্রাম, রসুন ১৫ গ্রাম, ১ টেবিল চামচ ঘি, টমাটো পেস্ট ১০০ গ্রাম, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ২ চা চামচ গরম মশলা, ৩৫০ মি.লি. পানি, ১ চা চামচ মেথি, লবণ পরিমাণমতো।
প্রণালি :
১ম ধাপ—
একটি বলে মুরগির মাংস নিয়ে হলুদের গুঁড়া, ১ চা চামচ লবণ আর দই দিয়ে ভালো করে মিশিয়ে পাশে রেখে দিন ৩০ মিনিটের জন্য।
২য় ধাপ—
একটি কড়াইতে তেল নিয়ে এতে পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা আর রসুন দিয়ে দিন। পেঁয়াজ পুরো বাদামি হয়ে এলে এতে টমাটো পেস্ট আর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মাঝারি আঁচে রান্না করুন তেল আলাদা না হওয়া পর্যন্ত। এরপর তেল আলাদা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে স্মুথ একটা সস বানিয়ে নিন।
৩য় ধাপ—
নতুন একটা কড়াইতে তেল আর ঘি নিয়ে নিন। এরপর যে সসটা বানানো হলো তা দিয়ে দিন এবং সঙ্গে মুরগির মাংস যোগ করুন। হালকা করে পানি যোগ করুন যখন দরকার। মাঝারি আঁচে রান্না করুন মাংস রান্না হওয়া পর্যন্ত। তারপর ১ চামচ মেথি আর পরিমাণমতো লবণ দিয়ে নামিয়ে ফেলুন।
আর পরিবেশন করুন ভাত অথবা রুটির সঙ্গে।
