নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শের জীবন্ত উদাহরণ ছিলেন শওকত আলী: আরেফিন সিদ্দিক

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:০৪

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার এক শোকবার্তায় সিদ্দিক বলেন, দেশ একজন প্রবীণ জননেতা ও বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালো। শওকত আলীর সহজ সরল জীবন যাপন বাংলাদেশের রাজনীতিতে বড়ো ধরনের প্রভাব ফেলেছে। সেই আগরতলা মামলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে দেখেছি। তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শের জীবন্ত উদাহরণ ছিলেন। তার মৃত্যুতে জাতি দুইভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। তার আরও বহুদিন পৃথিবীতে থেকে নতুন প্রজন্ম গড়ার প্রয়োজন ছিল। তিনি মূলত সেনা কর্মকর্তা হিসেবে জীবনে যে শৃঙ্খলাবোধ এনেছিলেন সেই শৃঙ্খলাবোধ নিয়েই সারাজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী।

ইত্তেফাক/এসি