নওগাঁর মান্দায় ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৬৫) নামে এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত কামাল উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর মোল্লাপাড়া গ্রামের মৃত মনচাঁনের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত কামাল হোসেন পেশায় একজন সবজি বিক্রেতা। কামাল উপজেলার বিভিন্ন গ্রামে ফেরি করে সবজি বিক্রি করে থাকেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে ওই শিশুর বাবা-মা না থাকার সুযোগে বাড়িতে ঢুকে শিশুটিকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন কামাল হোসেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে কামাল বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রবিবার রাতে কামালের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নওগাঁ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
