পুলিশের হাত থেকে পালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০১:২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে মো. হুমায়ূন কবির (৫০) নামে ওয়ারেন্ট ভুক্ত এক আসামী মৃত্যুর হয়েছে। নিহত কবির ওই গ্রামের ৬নং ওয়ার্ড চৌকিদার বাড়ির মৃত মোকলেসুর রহমানের ছেলে।

গতকাল সোমবার সকালে একটি সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কবিরের বিরুদ্ধে ২০১৪ সালে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার সেনবাগ থানার এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে বসন্তপুর বাজারে যায়।

এসময় কবিরের চায়ের দোকানের সামনে সিএনজি দাঁড় করিয়ে পুলিশ তাকে নাম জিজ্ঞাসা করে। এসময় কবির নিজেকে মাইন উদ্দিন দাবি করে। পরে সে পুলিশকে কবিরের বাড়ি দেখিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সোমবার পাশের বাড়ির সুপারির বাগানে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।  
সোমবার সকালে ওই বাড়ির ছেলেরা বাগারে সুপারী পাড়তে গিয়ে কবিরের মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে ঘটনার জানাজানি হয়।

পরে সোমবার (১৬ নভেম্বর) সকালে তার মৃতদেহ স্থানীয় বসন্তপুর গ্রামের আবদুল ওহাবের সুপারী বাগানে পড়ে থাকতে দেখে এলাকাবাসী সেনবাগ পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে কথা বললে তিনি নিহত কবিরের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, কবির পূর্বে থেকে স্ট্রোকের রোগী। হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা ইত্তেফাককে জানান, কবিরের মৃতদেহ পাওয়ার সংবাদ পাওয়ার পরপরই সেনবাগ থানার এসআই গৌরসাহা ও এসআই নুর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তর জন্য উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু পারিবারের লোকজন ময়নাতদন্ত করাতে অপারগতা প্রকাশ করায় এবং কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

ইত্তেফাক/এসআই