দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটটি পদ্মাসেতুর নদী শাসন কাজের জন্য সরিয়ে আনা হচ্ছে বাংলাবাজার নামক স্থানে। বর্তমানে কাঁঠালবাড়ী ঘাটটি ওই এলাকা থেকে ৫শত মিটার পশ্চিমে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় স্থানান্তর করা হয়। তাই এখন থেকে বাংলাবাজার-শিমুলিয়া নামে পরিচিত হবে এই নৌরুটটি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নতুন এ ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করেছে। তবে দুই একদিনের মধ্যেই লঞ্চ, স্পীডবোট, ডাম্পসহ সকল ফেরি চলাচল শুরু করবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানান, পদ্মাসেতুর নদী শাসনের জন্য কাঁঠালবাড়ী ঘাটটি সরিয়ে বাংলাবাজার এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে। গত প্রায় ৪/৫ মাস ধরেই নতুন ঘাট তৈরির কাজ শুরু হয়। সকালে বাংলাবাজার ঘাট থেকে পরিক্ষামূলক ভাবে দুটি ফেরি চলাচল শুরু করে।
বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান,’কাঁঠালবাড়ী ঘাটের ঠিক ৫শ মিটার পশ্চিমে বাংলাবাজার নামক এলাকায় এ ঘাটটি চালু করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কাঁওড়াকান্দি ঘাট সরিয়ে কাঁঠালবাড়ী আনা হয়। তিন বছর পর আবারো ঘাট স্থানান্তরিত করা হলো। পদ্মাসেতুর নদী শাসনের জন্য দুই/একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে কাঁঠালবাড়ী ঘাটটিও।
ইত্তেফাক/এসআই
