দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দোহার-নবাবগঞ্জ উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। কোনোরকম অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
মঙ্গলবার বিকালে ঢাকার দোহার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নবনির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমানকে সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও তার সফরসঙ্গী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে দেখতে দুপুর থেকেই দোহারের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলসহকারে অনুষ্ঠানস্থলে আসেন উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাকিব আল হাসান বলেন, আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা ঢাকা-১ আসন, আমরা ঢাকা ডায়নামাইটস এখন এক নম্বরে আছি, দোয়া করবেন যেন আমরা এক নম্বরেই থাকতে পারি এবং এবার যেন ট্রফিটা নিতে পারি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আবারও সুযোগ দিয়েছেন, আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য বেস্ট ডিসিশন। আর ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান ইনশাল্লাহ আগামী ৫ বছরে আপনাদের সব চাহিদা মেটাতে পারবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, আইজিআর খান আব্দুল মান্নান, সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ আরো অনেকে।
