লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর দুই দুর্ধর্ষ জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে নোয়াখালীর চরজব্বর থানার পুলিশ। রামগতি ও সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী চর জুবলী বেড়ীবাঁধ এলাকায় অস্ত্র বিক্রি করার সময় রবিবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড চর গজারিয়া এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ (৪০) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গজারিয়া এলাকার আহমদ উল্যাহর ছেলে আইয়ুব নবী (৪২)।
পুলিশ জানায়, অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রবিবার গভীর রাতে চরজুবলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ শেখ ফরিদ ও আইয়ুব নবীকে হাতেনাতে আটক করা হয়।
চর আবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাবুল জানান, আইয়ুব নবী চর আবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় এক বছর আগে কোস্টগার্ডের হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এখন আবার আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন।
ইত্তেফাক/কেকে
