পাকুন্দিয়ার এসিল্যান্ড ও ওসি করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান।এ নিয়ে উপজেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭২ জনে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ জানান, গত ১৫ নভেম্বর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহানের নমুনা সংগ্রহ করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার রাতে প্রাপ্ত রিপোর্টে ২ জনের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। আক্রান্ত ২ জনই হোম আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অদ্যবদি এ উপজেলায় মোট ১৭২ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন।

ইত্তেফাক/কেকে