নওগাঁর বদলগাছীতে আদিবাসী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সুন্ধার উপজেলার মথুরাপুর ইউপির মাহমুদপুর গ্রামের এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আব্দুস সাত্তার চকবেনি গ্রামের মৃত আকালুর ছেলে।
জানা গেছে, গত সোমবার সুন্ধার উপজেলার মথুরাপুর ইউপির মাহমুদপুর গ্রামের ১০ বছরের শিশুটি বাড়ির পার্শে গবরচাঁপা বাজারে জিলাপি নেওয়ার জন্য যায়। এ সময় বাজারে অবস্থিত চকবেনি গ্রামের মৃত আকালুর ছেলে আব্দুস সাত্তার (ল্যাদো) শিশুটিকে আদা কেজি জিলাপি নিয়ে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার সময় জোর করে গবরচাঁপা ব্রিজের নিচে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্না শুরু করলে তাকে ছেড়ে দেয়। বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে শিশুটির পরিবারের লোকজন বাজারে এসে ল্যাদোকে আটক করে থানায় দেয়।
ঘটনা সত্যতার শিকার করে বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, এ বিষয়ে শিশুটির বাবা অমল তিগ্যা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেছ। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
