বাগেহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে ১৭ দিনের কন্যাশিশু চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। চুরি হওয়া শিশু সানজিদার দাদা আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। শিশুটি উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই এর পৃথক দুটি টিম মাঠে কাজ করছে।
রবিবার গভীর রাতে বাবা-মায়ের কোল থেকে শিশু সানজিদা চুরি হয়। এই নবজাতককে হারিয়ে মা শান্তা পাগলপ্রায়। ২দিন অতিবাহিত হলেও শিশুটি উদ্ধার না হওয়ায় উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে পরিবার ও এলাকাবাসী। অনেকে দুধের শিশুটির বেঁচে থাকা নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করেছে।
মা শান্তা আকতার জানান, রাতের খাবার খাওয়ার পর মেয়ে সানজিদাকে শাড়ীর আঁচলে নিয়ে ঘুমিয়ে পড়ে। স্বামী-স্ত্রী দু’জনার মাঝেই সে ছিল। রাতে কয়েকবার দুধও খাওয়ানো হয়। রাত ২ টার দিকে জেগে উে দেখে মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।
মোরেলগঞ্জ থানার অফিসার ইানচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হারিয়ে যাওয়া শিশু পিতা পেশাদার জেলে সুজন খানে দ্বিতীয় স্ত্রী শান্তা। তার আগের স্ত্রীর ২ বছরের একটি কন্যা রয়েছে। তাছাড়া দুজনের মাঝ থেকে চুরির বিষয়টি রহস্যজনক। এটা পারিবারিক কলহের জের কিনা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদনন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল জানান, শিশুটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ একই ইউনিয়নের বিশারীঘাটা গ্রাম দলিল লেখক সোহাগ হাওলাদার ও রেশমা আক্তারের ৭৫ দিনের দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ গভীর রাতে বাবা-মার কোল থেকে চুরি হয়। ১৬ মার্চ পুলিশ ঐ গ্রামের একটি মৎস্য ঘেরের সেফটি ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/বিএএফ
