মাত্র ৬ মাসের সাজাখাটার ভয়ে ১৬ বছর আত্মগোপনে!

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৫:২৩

অবিশ্বাস্য মাত্র ৬ মাসের সাজাখাটার ভয়ে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গত ১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে বিট পুলিশিং এর পরামর্শে স্বেচ্ছায় থানায় এসে সে আত্মসর্মপণ করেছেন। গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

নজরুল উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, নজরুল ইসলাম ২০০৪ সালে একটি চুরির মামলায় আদালতের মাধ্যমে ৬ মাসের সাজাপ্রাপ্ত হন। ওই সাজাখাটার ভয়ে সে এলাকা এবং মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে ফেনীতে আত্মগোপনে থাকে। সেখানে সে দিনমজুরির কাজ করে এবং দ্বিতীয় বিয়েও করে। তার ওই সংসারে ১৪ বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। 

নজরুল ইসলাম জানায়, জেল খাটার ভয়ে এলাকা ছেড়ে ১৬ বছর ধরে আত্মগোপনে। পুলিশ দেখলেই ভয় লাগতো। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-সন্তানকে দেখতে না পেয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছেন। মন কাঁদলেও ভয়ে এলাকায় আসার সাহস পাননি। বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসানের সহযোগিতা এবং পরামর্শে আত্মসমর্পণ করতে সাহস পান। মাত্র ছয় মাসের সাজার জন্য জীবনের ১৬ টি বছর নষ্ট করেছেন নজরুল।

আরো পড়ুন: পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তা বদলি

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, ছয় মাস সাজা বলতে তো সাড়ে চার মাসের মতো সাজা হয়। বোঝার ভুলের জন্য ১৬টি বছর পালিয়ে বেড়িয়েছেন কষ্ট করেছে নজরুল ইসলাম। বিট পুলিশিংয়ের মাধ্যমে তার পরিবারকে বোঝাতে সক্ষম হওয়ায় নজরুল ১৬ পর বছর স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। 

তিনি আরো বলেন, রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ফরিদ প্রায় ৪ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তার পরিবারকে বুঝানোর পর সেও সোমবার থানায় এসে আত্মসমর্পণ করেছে। গত একমাসে এরকম ৯জন আসামি আত্মসমর্পণ করেছে। এটা বিট পুলিশিংয়ের সুফল।  

ইত্তেফাক/এএএম