ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে ভেঙে একটি গ্রিক প্রধান এবং আরেকটি তুর্কি প্রধান রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রবিবার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে গিয়ে সাইপ্রাসকে দুই ভাগ করার এমন প্রস্তাব দেন তিনি। খবর জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের।
ডয়েচেভেলের প্রতিবেদন অনুযায়ী তুর্কি নেতা চান গ্রিকভাষীদের প্রাধান্য থাকা অংশটি দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে উত্তর সাইপ্রাস তুরস্কের দখলে। সেখানকার সরকার তুরস্কপন্থি। তবে শুধু তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দেয়নি।
তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭তম বার্ষিকীতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সাইপ্রাসকে ভেঙে দুটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়ে বলেন, ‘সাইপ্রাসে মূলত দুই ধরনের মানুষ বাস করেন। দুইটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠনের আলোচনা শুরু হোক।’
এরদোয়ানের উত্তর সাইপ্রাস সফর এবং এমন মন্তব্য নিয়েও বিতর্ক হচ্ছে। সাইপ্রাস জানিয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো ধরনের শ্রদ্ধা নেই। ইউরোপীয় নীতি ও মূল্যবোধও তারা মানে না।
