লক্ষ্মীপুরে হেভিওয়েট ড্রেজার মেশিন দিয়ে বেড়ির খাল থেকে কোটি কোটি টাকার বালু তোলা হচ্ছে! এ কারণে যে কোনো সময় শহর রক্ষা বেড়িবাঁধ ধসে পড়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বসতবাড়ি, ফসলি জমি, রাস্তা এরই মধ্যে ভেঙে গেছে। এতে স্থানীয়দের দুশ্চিন্তার শেষ নেই। গত চার বছর ধরে টানা হেভিওয়েট ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ নিয়ে প্রশাসনকে বারবার অবহিত করেও কোনো ফল মিলছে না। এমন ভয়াবহ বালু উত্তোলনের ঘটনাটি ঘটে চলেছে লক্ষ্মীপুর জেলা সদরের ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বেড়ির খালে, যা জামতলি ও বরইতলা সড়কের পাশে অবস্থিত। পরিশেষে, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অ আ আবীর আকাশ
লক্ষ্মীপুর
