স্পোর্টস রিপোর্টার
দেশের প্রধান টি-২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিতই অংশ নিত বরিশালের দল। যদিও ২০১৭ সাল থেকে বিপিএলে নেই বরিশাল বিভাগের দলটি। বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে দেশের বড় টুর্নামেন্টে ফিরছে বরিশালের প্রতিনিধিত্ব। ইতিমধ্যে ফরচুন বরিশাল নামে দলটির লোগো, জার্সি উন্মোচন করা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে লড়বে দলটি।
আসন্ন এই টুর্নামেন্টের জন্য অনানুষ্ঠানিক অনুশীলন শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। গতকাল বিসিবি একাডেমি মাঠে দলটির ৯ জন ক্রিকেটার অনুশীলন করেছেন। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, মাহিদুল অঙ্কন, সুমন খান ও আবু সায়েম অনুশীলন করেন।
অনুশীলন শেষে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু টি-২০ কাপে বরিশালের হয়ে নিজের সেরাটা দিতে চান এবং দলটির হয়ে ভালো কিছুর আশাই করছেন আফিফ।
গতকাল ২১ বছর বয়সি এই অলরাউন্ডার বলেছেন, ‘ফরচুন বরিশাল নতুন একটি টিম, আমি খুবই এক্সসাইটেড। প্রথমবারের মতো এই টিমে খেলছি। তো আশা করি, এই টিমের জন্য ভালো কিছু করতে পারব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বিসিবির প্রেসিডেন্টস কাপে ব্যাট হাতে ভালো করেছিলেন আফিফ। ৯৮ রানের ইনিংসও ছিল তার। বঙ্গবন্ধু টি-২০ কাপে এখন নিজেরটা দেওয়ার টার্গেট করছেন তিনি।
খুলনার ছেলে আফিফ বলেছেন, ‘নিজের সেরা পারফর্মটা করে যাতে ফরচুন বরিশালের জন্য ভালো কিছু করতে পারি সেই আশা থাকবে।’
