মেসিতে সন্তুষ্ট স্ক্যালোনি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:৫২

স্পোর্টস ডেস্ক

প্যারাগুয়ের বিপক্ষে চোটের চোখরাঙানি নিয়েই খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষ জালেও বল জড়িয়েছিলেন তিনি, যদিও ভিএআর পরীক্ষায় গোলবঞ্চিত থাকতে হয় তাকে। পেরু ম্যাচের আগে চোট শঙ্কা নেই মেসির, জানালেন কোচ লিওনেল স্ক্যালোনি। করেছেন ভূয়সী প্রশংসাও।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জাতীয় দলের হয়ে ১৪২ বারের মতো মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক। বনে গেছেন দক্ষিণ আমেরিকার পঞ্চম সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়ও। পেরুর আতিথ্য নেওয়ার আগে কোচ স্ক্যালোনি মেসির দারুণ তারিফ করলেন। বললেন, ‘পারফর্ম্যান্সের দিক থেকেও লিও ভালো একটা ম্যাচই খেলেছিল। আমাদের দুর্ভাগ্য, দারুণ একটা গোল বাতিল হয়েছিল।’ গোড়ালির চোট মেসিকে চোখ রাঙাচ্ছিল প্যারাগুয়ে ম্যাচের আগে। সেটা উপেক্ষা করে খেলেছিলেন সেদিন। তবে আজ সকালে যখন পেরুর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, তার আগে মেসির সে সমস্যা নেই বলে জানালেন আর্জেন্টিনা কোচ, ‘আমি তাকে ভালোভাবেই দেখেছি আর তার কোনো সমস্যা নেই। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’ পেরু কোচ রিকার্ডো গারেচা অবশ্য আর্জেন্টিনাকে দেখছেন মেসির চেয়েও বেশি কিছু হিসেবেই। বললেন, ‘আর্জেন্টিনায় কেবল মেসি একাই নয়। তাদের অনেক ভালো খেলোয়াড় আছে, তাদের থামাতে কঠিন এক ম্যাচই খেলতে হবে আমাদের।’ পেরু বাছাইপর্বে তিন ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করেছে। পেরু কোচ গারেচা জানালেন কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে তাদের সামনে।