এশিয়ান চ্যাম্পিয়ন্স হকির খসড়া ফিকশ্চার
স্পোর্টস রিপোর্টার
এশিয়ান হকি ফেডারেশন থেকে এশিয়ান চ্যাম্পিয়নস হকি ট্রফির খসড়া ফিকশ্চার এসেছে। আগামী বছরের ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। ভারত, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ লড়াই করবে। ১১ মার্চ উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ রাখা হয়েছে। প্রথম দিনে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ১২ মার্চ ভারতের বিপক্ষে, ১৩ মার্চ জাপান, ১৫ মার্চ কোরিয়া এবং ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে লড়াই বাংলাদেশের। ১৮ মার্চ সেমিফাইনাল এবং ১৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সব খেলা হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, এটি চূড়ান্ত ফিকশ্চার নয়, খসড়া ফিকশ্চার।
এশিয়ান হকি ফেডারেশন সব দেশকে এই খসড়া পাঠিয়েছে। কারো কোনো আপত্তি আছে কি না, সেটা জানাতেই পাঠনো হয়েছে। কোনো আপত্তি না থাকলে এটাই চূড়ান্ত অনুমোদন পেয়ে যেতে পারে। তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের সব প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। সাবেক হকি তারকা মাহবুব হারুনকে আবার জাতীয় দলের কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। হারুন মনে করছেন, খেলতে যখন হবেই, প্রতিপক্ষ ভেবে লাভ নেই। তিনি বলেন, ‘এখানে আমাদের চেয়ে দুর্বল দেশ নেই।’ মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। এই মালয়েশিয়া হচ্ছে এশিয়ান গেমস হকির বর্তমান চ্যাম্পিয়ন দল। আর দ্বিতীয় ম্যাচ খেলতে হবে এশিয়ান গেমসের রানার্সআপ ভারতের বিপক্ষে। হারুন এরই মধ্যে ফিকশ্চারটা দেখেছেন। তার অপছন্দ হয়নি। তিনি বললেন, ‘যদিও এটি চূড়ান্ত ফিকশ্চার নয়, খসড়া ফিকশ্চার। তার পরেও মনে হয় না কোনো আপত্তি থাকবে। বরং আমরা কয়েকটা ম্যাচ পেয়েছি সন্ধ্যায়। মার্চে গরম থাকবে। প্রতিপক্ষের জন্যও সুবিধা। তবে আমাদের জন্য বেশি সুবিধা হবে সন্ধ্যার খেলায়। প্রতিপক্ষ সবাই বড় দল। একটা ম্যাচ যদি ভালো করা যায়।’ কবে নাগাদ অনুশীলন শুরু হবে, তা নিশ্চিত করতে পারলেন না কোচ মাহবুব হারুন। ফেডারেশনের অনুমতি পেলেই অনুশীলন শুরু করবেন। হারুন জানিয়েছেন, প্রেসিডেন্টস কাপ হকি শুরু হবে। সেখান থেকে জাতীয় দলের জন্য খেলোয়াড় নেওয়া যায় কি না, সেটা নিয়ে সিলেকশন কমিটির সঙ্গে কথা বলবেন তিনি।
