স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচের আগেই দুঃসংবাদ পেল উরুগুয়ে। করোনাক্রান্ত হয়ে ম্যাচটি থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড লুই সুয়ারেজ। তাকে ছাড়াই আজ ভোরে ব্রাজিলকে আতিথ্য দিচ্ছে উরুগুয়ে।
সেলেসাওরা উরুগুয়ের বিপক্ষে খেলাটাকে ‘যুদ্ধ’ হিসেবে দেখলেও সাম্প্রতিক ইতিহাসটা মোটেও পক্ষে কথা বলছে না উরুগুয়ের। সর্বশেষ জয়টা এসেছে সেই ২০০১ সালে। এরপর থেকে বিশ্বকাপ বাছাই, কনফেডারেশন্স কাপ, কোপা আমেরিকা কিংবা প্রীতি ম্যাচ, কোনো ম্যাচেই জয় পায়নি উরুগুয়ে।
তার ওপর এখন যোগ হয়েছে সুয়ারেজের শূন্যতা। করোনাক্রান্ত হওয়ার খবরটা মিলেছে গত সোমবার রাতে, দলের বাকি সবার করোনা পরীক্ষার ফলাফল অবশ্য নেগেটিভ এসেছে। সুয়ারেজকে নিয়ম মেনে এখন ব্যক্তিগত আইসোলেশনে রাখা হয়েছে। ব্রাজিল ম্যাচ খেলার সম্ভাবনা নেই আদৌ, শঙ্কা আছে আগামী শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচটিতেও না খেলার।
অন্যদিকে ব্রাজিল দলেও অবশ্য আছে চোট সমস্যা। নেইমার ছিটকে গেছেন আগেই, নেই ফেলিপে কোটিনহো, ক্যাসেমিরোদের মতো নিয়মিত মুখও। ফলে খর্বশক্তির দল মাঠে নামাতে হচ্ছে কোচ তিতেকেও।
