স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ-নেপাল সিরিজে ‘সীমিত আকারে’ দর্শক মাঠে আনার অনুমতি মিললেও প্রথম ম্যাচে সে নির্দেশনা উপেক্ষিত ছিল ভালোভাবেই। সে দৃশ্য একটুও পালটায়নি দ্বিতীয় ও শেষ ম্যাচেও।
প্রথম ম্যাচে তাও স্বেচ্ছাসেবকদের তত্পরতার দেখা মিলেছিল। গতকাল দ্বিতীয় ম্যাচে ছিল না সেটাও। এমনকি দর্শকদের গ্যালারিতে ঢোকার মুখে ছিল না কোনো তাপমাত্রা পরীক্ষার বালাইও!
টিকিট চেক করে মাঠে ঢোকানোর ক্ষেত্রে কড়াকড়ি ছিল, তবে গ্যালারিতে হাজার দশেক দর্শকের উপস্থিতি এর কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
মাস্ক ব্যবহারে উদাসীনতাও ছিল গ্যালারিতে। রাজধানীর পান্থপথ থেকে খেলা দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসা তানভীর মাহমুদ এ নিয়ে বললেন, ‘খেলা দেখার উত্তেজনাতেই এলে মানুষ ভুলে যাচ্ছে সতর্কতা।’ সব মিলিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতাকে অনেকটা বুড়ো আঙুল দেখিয়েই মাঠে ছিলেন দর্শক।
