ভারতের বোলাররা প্রায় একই আছে, কিন্তু বদলে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের উপস্থিতিতে এবারের অস্ট্রেলিয়া সফরে কঠিন চ্যালেঞ্জ দেখছেন চেতেশ্বর পুজারা। তবে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিদের ওপর আস্থা রেখে এবারও সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী এই টপ অর্ডার ব্যাটসম্যান। ২০১৮ সালে ৭১ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত। ঐ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার। তাই সেই বোর্ডার-গাভাস্কার সিরিজে খেলতে পারেননি তারা। এবার সব কিছু থেকে মুক্ত স্মিথ-ওয়ার্নার। আছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে। প্রতিপক্ষ দলে সময়ের সেরা এই দুই ব্যাটসম্যানের উপস্থিতি সিরিজকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করেন পুজারা।
