চাটমোহর (পাবনা) সংবাদদাতা
মাস্ক পরায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় চাটমোহরে শোভাযাত্রা, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন জনসচেতনতার লক্ষ্যে ও ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়নে এসব আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাজার মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও পথসভা। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, ইউএনও মো. সৈকত ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ, জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ। কর্মসূচিতে উপজেলা পরিষদের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও চাটমোহর ব্যবসায়ী সমিতি, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বড়াল রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ‘নো মাস্ক নো সার্ভিস’ সম্বলিত ব্যানার নিয়ে অংশগ্রহণ করে।
