চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন উপজেলায় ৪০ বছরের বেশি সময় কাঁচা পড়ে আছে উপজেলা সদরের জিন্নাগড় ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। বর্ষায় এ সড়কে শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা কুতুবগঞ্জ হতে জিন্নাগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কবির হোসেনের বাড়ি ঘেঁষে পূর্বে মতিন সড়ক সংযুক্ত প্রায় দেড় কিলোমিটারের কাঁচা সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন। ইউপি সদস্য মো. বাকের হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়ক পাকা করার ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে। এলজিইডির চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মো. মোশারেফ হোসেন জানান, সড়কটি কাঁচা এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাক্কলন পাঠানো হবে।
