কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই উপজেলার পাঁচশিরা বাজারে মঙ্গলবার বসেছে এক দিনের ঐতিহ্যবাহী মাছের মেলা। মূলত এটা জামাইদের নিয়ে মাছের মেলা। কিন্তু সবাই এটাকে বলে নবান্ন উত্সব উপলক্ষ্যে মাছের মেলা। পঞ্জিকা অনুসারে মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ হওয়ায় পাঁচশিরা বাজারে বসে মাছের মেলা। দিনব্যাপী চলে মাছ কেনা ও বিক্রি করার উত্সব। মেলা জুড়ে ছিল ক্রেতা-বিক্রেতা আর কৌতূহলী মানুষের ঢল। প্রতিটি দোকানে সাজানো হয়েছিল নানা ধরনের মাছ। সর্বোচ্চ ১৪ কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে। মেলায় মাছ কিনতে আসা মুনীশ, বোলু ও জলিল বলেন, এবার মাছের দাম একটু বেশি। মেয়ে-জামাইয়ের জন্য কাতলা, ব্রিগেট ও রুই মাছ কেনা হয়েছে।
