নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন
মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা সরব হয়ে উঠেছেন। পৌর নির্বাচনের দিন ঘোষণা করা না হলেও জনসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা। দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীরা মতবিনিময় সভা, শোডাউন, পোস্টার, লিফলেট বিতরণসহ গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে পৌর নাগরিদের দৃষ্টি আকর্ষণ করছেন। পাশাপাশি ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অনেকে নির্বাচনের লক্ষ্যে অফিস খুলেছেন। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে যে কয়জন সম্ভাব্য মেয়র প্রার্থী মাঠে তত্পর রয়েছেন তারা হলেন, বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মালেক, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকের হোসেন। এ পৌরসভা নির্বাচনকে ঘিরে সরকার দলীয় প্রার্থীরা মাঠে তত্পর থাকলেও বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীদের এখন পর্যন্ত তত্পরতা দেখা যাচ্ছে না। নাঙ্গলকোট পৌরসভার বর্তমান মেয়র আবদুল মালেক বলেন, এ পৌরসভাকে তৃতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করে রাস্তাঘাটের উন্নয়নসহ ব্যাপক নাগরিক সুবিধা বৃদ্ধি করেছি। পৌর শহরের শোভাবর্ধনে বঙ্গবন্ধু চত্বর, লোটাস চত্বর নির্মাণসহ দৃষ্টিনন্দন ব্যাপক কাজ করেছি। হাতে নিয়েছি বড় ধরনের বেশ কয়েটি প্রকল্প। সেগুলো বাস্তবায়নের জন্য মডেল পৌরসভা গঠনের লক্ষ্যে আমি আবারও নির্বাচন করতে আগ্রহী। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ বলেন, শিক্ষিত সমাজ জনপ্রতিনিধি হলে ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। ভবিষ্যতে মানুষের পাশে থেকে আধুনিক মানের পৌরসভা গঠনকল্পে মেয়র হতে চাই। আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত পৌরসভা গঠনের জন্য আমি আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হতে চাই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে নির্বাচনের তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী বলেন, পৌর নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচন কমিশন সময়মতো নির্বাচন করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে।
