বাগেরহাটে কিশোরের পাঁচ বছরের দণ্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:০৯

মাদ্রাসাছাত্রী হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদ্রাসাছাত্রী হিরা আক্তার (১১) হত্যা মামলায় শিশু আসামি হাসান রশিদ মৃধাকে (১৩) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরে আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় হাসান রশিদ মৃধা আদালতে উপস্থিত ছিল। আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি দুই আসামি মুক্তার মৃধা ও তার স্ত্রী মনোয়ারা বেগম কারাগারে রয়েছে। তাদের বিষয়ে জেলা জজ আদালতে বিচারকার্য সম্পন্ন হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে ২০১৯ সালের ২ জুলাই গাউছ শেখের বাড়ি থেকে তার মেয়ে হিরা আক্তারের বিবস্ত্র ও শরীরে লিপিস্টিক লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ৪ জুলাই তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নিহতের মা নাসিমা বেগম।