কিশোরগঞ্জে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১০

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার বিরিপাড়া গ্রামের আশিদ মিয়াকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল্লা পশ্চিম জাওয়ার (শান্তিপুর) গ্রামের বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকেই ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে প্রকাশ, ২০১০ সালের ৩০ অক্টোবর সকালে বাড়ির পাশে সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে আবদুল্লা ও আশিদ মিয়ার মধ্যে তর্ক-বিতর্ক হয়। দুপুরে খাগটিয়া বটগাছ তলায় আশিদ মিয়াকে একা পেয়ে আসামিরা বাঁশের লাঠি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আবদুল্লা আশিদ মিয়ার গলা টিপে ধরলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন।