ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল (পাথর) ছোড়াকালে দুই তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো—উপজেলার মনিয়ন্ধ গ্রামের আলাউদ্দিন ও জেলার নবীনগর উপজেলার জাবেদ মিয়া। এর আগে সন্ধ্যায় রেলওয়ে পুলিশ স্টেশনের উত্তর আউটার সিগন্যাল বরাবর থেকে তাদের আটক করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগন্যাল অতিক্রম করার সময় ঐ দুই তরুণ পাথর ছুড়ছিল। তাদের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করা হয়েছে।
