সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১০

 

চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

চট্টগ্রাম অফিস চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের চিফ অপারেশন অফিসার ক্যাপ্টেন তানভীর হোসেন। চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফ পাওয়ারটেক লিমিটেডের চিফ অপারেশন অফিসার ক্যাপ্টেন তানভীর হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা প্রমুখ।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন

ভোলা প্রতিনিধি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক এক ওয়ার্কশপ মঙ্গলবার জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের পরিচালনায় সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা স্কাউট কমিশনার ইশরাত ফারজানা।

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের স্মারকলিপি প্রদান

নেত্রকোনা প্রতিনিধি বর্তমান করোনাকালীন দুঃসহ সময়ে সৌখিন যাত্রা অনুষ্ঠান ও নাটকের সহজ অনুমতি প্রদানসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখা। মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বরাবর ছয় দফা লিখিত দাবি প্রদান করেন। স্মারকলিপি প্রদান করেন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. দিদারুল ইসলাম, সহসভাপতি আবুল কালাম প্রমুখ।

কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা আদিতমারীতে ৯ হাজার ৯৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বিতরণী কর্মসূচির উদ্বোধন করেন।

কৃষিবিষয়ক প্রশিক্ষণ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা মোংলায় কৃষিবিষয়ক ‘জলবায়ু সহনশীল জীবিকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সোনাইতলা ইউনিয়নের জয়খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজনের করা হয়। প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উপজেলা সদরস্থ সুবিদখালী হাইস্কুল মিলনায়তনে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ইউএনও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।