ইত্তেফাক রিপোর্ট
সোমবারের মতো গতকাল মঙ্গলবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৫ দশমিক ০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ৯৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ২২ পয়েন্ট এবং সিডিএসইসি ৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক ১২৬ দশমিক ৯৫ পয়েন্ট, এক ৭০৪ দশমিক ০৩ এবং ১ হাজার ৩ দশমিক ০৯ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন চেয়ে ৭৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির বা ৪২ দশমিক ৯৩ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৭টির বা ৩৬ দশমিক ৫৭ শতাংশের এবং ৭১টি বা ২০ দশমিক ৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১১৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬ দশমিক ২৯ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। গতকাল সিএসইতে ২২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
