ওয়ালটন টিভি, হোম অ্যাপ্লায়েন্স বিক্রিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে পণ্য বিক্রয়ে প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতায় ফিরে এসেছে জায়ান্ট ওয়ালটন। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ওয়ালটনের টেলিভিশন, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১৩ শতাংশ বেড়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকাশিত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে কোভিড-১৯ বা করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের মোট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫৭২ কোটি ৪০ লাখ টাকায়। এর মধ্যে গত বছরের একই সময়ের তুলনায় ওয়ালটনের টিভি, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সের বিক্রি ১৩ দশমিক ৫ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। উদ্যোক্তা পরিচালকরা পাবেন ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এ বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।