প্রতি বছরের মতো এ বছরও সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় অনবদ্য ভূমিকা রাখার জন্য দেশসেরা ১০ তরুণকে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস (টিওওয়াইপি) অ্যাওয়ার্ড-২০২০’ সম্মাননা প্রদান করল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। গত শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশসেরা ১০ তরুণকে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— শেখ তন্ময়, শামস মাহমুদ, সাফওয়ান সোবহান, সিদ্দিকুর রহমান, আকবর আলী, হূদয় খান, আয়মান সাদিক, তানভির আহমেদ, নবনিতা চৌধুরী ও রেজাউল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সভাপতি সারাহ কামাল বলেন, ‘আমরা তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করতে চাই, যারা আগামী দিনে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনবে। মানসিক স্বাস্থ্যের সুরক্ষা করবে।’ প্রসঙ্গত, ১৮-৪০ বছর বয়সীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন জেসিআই। তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সেই লক্ষ্যেই প্রতি বছর ব্যবসা, অর্থনীতি, উদ্যোগ, রাজনীতি, আইন, শিক্ষা, ব্যক্তিগত উন্নতি, চিকিত্সা, নেতৃত্ব, উদ্ভাবন, সাংস্কৃতিক অর্জনসহ বিভিন্ন বিভাগে অনবদ্য অবদানের জন্য প্রতিবছর অনূর্ধ্ব ৪০ বছর বয়সের ১০ জন তরুণকে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস’ (টিওওয়াইপি) সম্মাননা প্রদান করে আসছে তারা। বর্তমানে ১০৫টিরও বেশি দেশে প্রায় দেড় লাখ সক্রিয় সদস্য রয়েছেন সংগঠনটির।
