কক্সবাজারে টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানেরা এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে।
আটক মিয়ানমার নাগরিকের নাম মো. খাইরুল বশর (২০)। সে মিয়ানমার আকিয়াব জেলার বুচিধং থানার ছেরুহা এলাকার ইমান হোসেনের ছেলে।
মঙ্গলবার রাতের প্রথম প্রহরের টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের একটি বড়ো চালান আসার সংবাদে উত্তর আলীখালী সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী সাঁতরে লবণ মাঠ দিয়ে একটি প্লাস্টিক বস্তা মাথায় নিয়ে আসার সময় বিজিবি জওয়ানেরা তাকে ধাওয়া করে আটক করে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসি
