অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে ফোন চুরি করত সে

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:০৮

বহুমুখী প্রতারক রাতুল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত ইয়াসির রাতুল। আর সেই ‘অন্তরঙ্গ মুহূর্তের’ দৃশ্য ধারণ করত ভুক্তভোগীদেরই মোবাইল ফোনে। এরপর সুযোগ বুঝে ফোনটি চুরি করত সে। শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, ভুক্তভোগীদের ফেসবুক আইডি নিজের দখলে নিয়ে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হাতিয়ে নিত টাকা। এমন অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আর নিজের দোষ স্বীকার করে গতকাল মঙ্গলবার রাতুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) রেজাউল মাসুদ। তিনি বলেন, নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়া রাতুল একজন বহুমুখী প্রতারক। এক সময় সে রাজধানীর মিরপুরে এক রাজনৈতিক নেতার বাড়িতে টি-বয় হিসেবে কাজ করত। পরে মোহাম্মদপুর রিংরোডে এক শোরুমে সেলসম্যানের চাকরি নেয়। পরে চাকরি ছেড়ে দিয়ে যৌন ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে।

সিআইডি পুলিশের এ কর্মকর্তা বলেন, রাতুল প্রথমে প্রেমের ফাঁদে ফেলে সুন্দরী যুবতিদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এরপর সেই দৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে মোবাইল নিয়ে পালিয়ে যেত। আর সেই মোবাইল বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেসবুক আইডি নিজের দখল নিয়ে রাখত। সেটা দেখিয়ে দিনের পর দিন ঐসব তরুণীকে ব্ল্যাকমেইল করত।

সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহজাহানপুর মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকালে তার কাছে থাকা প্রতারণা এবং ব্ল্যাকমেইলে ব্যবহূত দুটি মোবাইল সেট, ১০টি সিম উদ্ধার করা হয়। যার ভেতর চারটি ফেক ফেসবুক আইডি এবং ৯টি জিমেইল অ্যাকাউন্ট পাওয়া যায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার একতাপুরে।