বইটিতে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের সামগ্রিক চিত্র উঠে এসেছে :সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:০২

প্রকাশিত হলো গোলাম কুদ্দুছ রচিত ‘বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি’

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধুর সংস্কৃতির জন্য অবদান ও বাঙালি সংস্কৃতি বিকাশে যাবতীয় তুলে ধরে প্রকাশিত হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাঙালি সংস্কৃতি’ শীর্ষক গ্রন্থ। বইটি রচনা করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ| গোলাম কুদ্দুছের বইতে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের সামগ্রিক চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি প্রকাশ করেছে নালন্দা।

এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সম্মানিত অতিথি ছিলেন মঞ্চাভিনেতা আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশক নালন্দা প্রকাশনীর স্বত্বাধিকারী রেদওয়ানুর রহমান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ।

কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর বই প্রকাশিত হচ্ছে। কিন্তু অনেক বই মানহীন। সেখান থেকে এই বইটি ভিন্ন। বইটিতে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের সামগ্রিক চিত্র উঠে এসেছে। বইটি গবেষকদের গবেষণার জন্য কাজে লাগবে। তবে বইটি আরো বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে।

গোলাম কুদ্দুছ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে মোটামুটি জানা গেলেও তার সংস্কৃতিভাবনা অনেকটাই অনালোচিত থেকেছে। এই মহান ব্যক্তিত্বের সংস্কৃতিবিষয়ক ভাবনা, স্বল্প সময়ের দেশ শাসনের কর্মোদ্যোগ পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই গ্রন্থ রচনা।

বইটিতে ২৩টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হলো—বঙ্গবন্ধুর সংস্কৃতিভাবনা, বঙ্গবন্ধুর জীবনে রবীন্দ্রনাথের প্রভাব, কবি নজরুল ও শেখ মুজিব : বাংলার দুই সাহসী সন্তান, ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু, বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠন, বাংলাদেশ লোক ও কারুশিল্পী ফাউন্ডেশন গঠন, বঙ্গবন্ধুর উদ্যোগ : ঢাকায় কবি নজরুল, সংগীতশিল্পী সমাজের সংবর্ধনায় বঙ্গবন্ধু, বাংলা একাডেমিতে একুশের অনুষ্ঠানে বঙ্গবন্ধু, সাপ্তাহিক পূর্বাণীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু, সংগীত-অনুরাগী বঙ্গবন্ধু, চারুকলা ও বঙ্গবন্ধু, মঞ্চনাটকের প্রসারে বঙ্গবন্ধু, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু, যাত্রাশিল্প ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পাঠাভ্যাস, বঙ্গবন্ধু সংস্কৃতিসেবী কল্যাণ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্বর্ণপদক, সস্তায় রেডিও ও টেলিভিশন সরবরাহ, বাকশালের মেনিফেস্টো : শোষিতের গণতন্ত্র ও সংস্কৃতি এবং মানবিক-বোধের বঙ্গবন্ধু ও মুজিবের ভবিতব্য। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য ৩৫০ টাকা।