খাগড়াছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় এসআই পার্থ রায় নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরো সাত জনের মৃত্যু হয়েছে। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
খাগড়াছড়ি : মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসআই পার্থ রায় চৌধুরীর (৩৬) নিহত হয়েছেন। বাড়ি রাঙ্গামাটি। বর্তমানে তিনি কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত। গতকাল খাগড়াছড়ি সদর থানায় মামলার হাজিরা দিতে এসে গুগড়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই পার্থ রায়ের পত্রিক বাড়ি রাঙ্গামাটি।
তালা (সাতক্ষীরা) :তালায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী সামছুনাহার চুমকির (৩৮) মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। চুমকি আশাশুনী উপজেলা সদরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুর রহমান টুকুর স্ত্রী। গত সোমবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার শাকদহ ব্রিজে উক্ত দুর্ঘটনা ঘটে।
বাঘা (রাজশাহী) :বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মালেক (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মারা যান। তিনি বর্তমান নারী কাউন্সিলর সোনিয়া বেগমের স্বামী ও আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা। গত রবিবার আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী (চট্টগ্রাম) : বাসচাপায় মুসা সওদাগর নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা। গতকাল উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কসবা (ব্রা?হ্মণবাড়িয়া) :সোমবার সড়ক দুর্ঘটনায় কসবা পৌর এলাকার অধ্যাপক মোহাম্মদ আবদুর রকিব স্বপন (৬২) সোমবার নিহত হয়েছেন। তিনি চড়নাল গ্রামের কসবা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি উপন্যাসিক, কবি ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যাপক।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছায় ব্যাটারিচালিত ভ্যান রিকশার ধাক্কায় সোয়াইব নামে তিন বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। গতকাল মুক্তাগাছা—জয়বাংলা বাজার সড়কের শসা নিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । স্থানীয় কৃষক তোফাজ্জল হোসাইনের পুত্র সোয়াইব।
লক্ষ্মীপুর :যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জের সাদার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে যাত্রী কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার আবু সাঈদের ছেলে জামাল উদ্দিনের পরিচয় নিশ্চিত হলেও অটোরিকশা চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
