ফিফা প্রীতি দুই ম্যাচ সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল লড়াইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে ছিল। আর গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেই সিরিজ ঘরে তুলে নেয় বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের মঞ্চে সোনালি ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ট্রফি হাতে তিনি গ্যালারির ফেসিংয়ের দিকে চলে যান। দর্শকের চাওয়া পূরণ করতেই যেন জামাল ট্রফি নিয়ে গেলেন দর্শকের কাছে। দর্শকও ট্রফি স্পর্শ করে উত্ফুল্ল। অপ্রীতিকর ঘটনা এড়াতে অবশ্য এ সময় পুলিশ জামাল ভুঁইয়াকে ঘিরে রেখেছিল। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দর্শকরা অনেক দিন পর আনন্দ পেয়েছেন।
প্রথম খেলায় নেপালের বিপক্ষে বাংলাদেশ দুই গোল করেছিল। গতকালের শেষ খেলায় গোল না পাওয়ায় হতাশ হয়েছেন দর্শক। গতকালের ম্যাচটি যতটা উত্তাপ ছড়াবে বলে মনে করা হয়েছিল শেষ পর্যন্ত তা হয়নি। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের ইংলিশ হেড কোচ জেমি ডে এদিন মাঠে ছিলেন না। ডাগ-আউটে ছিলেন তারই সহকারী আরেক ইংলিশ স্টুয়ার্ট ওয়াটকিস।
এর আগে ডাচ কোচ ক্রুইফের অধীনে ২০১৪ সালে শ্রীলঙ্কাকে দুই ম্যাচ হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। একই বছর এই নেপালের বিপক্ষে এক ম্যাচ জয় আর এক ম্যাচে পরাজয় দিয়ে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। আর ২০১৯ সালে বর্তমান কোচ জেমি ডের অধীনে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচ সিরিজ জিতেছিল। গতকাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল কাতার যাবে। সেখানে ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে কাতারের বিপক্ষে।
