শীতের অন্যতম উপাদেয় খাবার কুমড়ো বড়ি। পাবনার চাটমোহর উপজেলার অনেক দরিদ্র পরিবারই এখন কুমড়ো বড়ির ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। এখানে বাণিজ্যিকভাবে উত্পাদিত হচ্ছে কুমড়ো বড়ি। দেশের বিভিন্ন অঞ্চলে তো বটেই, বিদেশেও যাচ্ছে চাটমোহরের তৈরি সুস্বাদু কুমড়ো বড়ি।
একসময় গৃহস্থের বাড়িতে নিজেদের খাবারের জন্য তৈরি হতো কুমড়ো বড়ি। এখন বাড়ির আঙিনা ছেড়ে তা ব্যাবসায়িক পণ্যে পরিণত হয়েছে। চাটমোহর উপজেলার দোলং, বোঁথর, মথুরাপুর, বালুচর, রামনগরসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক পরিবার কুমড়ো বড়ি উত্পাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত। নারীরাই মূলত বড়ি তৈরি করে থাকেন আর বাজারজাত করেন পুরুষেরা। দোলং গ্রামের সুদীপ দাস, মায়ারানীসহ অন্যরা জানান, কলাই ডাল, চালকুমড়া, চালের আটা ও মসলা দিয়ে তৈরি হয় বড়ি।
