শরীয়তপুরের নড়িয়ায় নিজ বাড়ির আঙ্গিনায় সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার সকালে শওকত আলীর লাশবাহী সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার শরীয়তপুর স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তাকে তার নিজবাড়ি নড়িয়ায় নেওয়া হয়। বেলা ১১টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নড়িয়া উপজেলা শহিদ মিনারে তার মরদেহ রাখা হয়। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের হাজারোও জনতা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে দুপুরে নড়িয়া উপজেলা সদরের বিহারী লাল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে নামাজে জানাজা সম্পন্ন হয়। বিকালে মরহুমের নিজ বাড়ি স্বাধীনতা ভবনের আঙ্গিনায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী।
জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জাজিরা ক্যান্টনমেন্টের ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী প্রমুখ।
উল্লেখ্য সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
